Welcome
|
Secretary Speach |
Central Committee International Movement For Justice Society |
মানবাধিকার, ন্যায়বিচার ও সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায় বিশ্ববাসীর প্রতি আহ্বান
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রিয় দেশবাসী, সম্মানিত প্রবাসী বাংলাদেশি, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিশ্ব মানবতার পক্ষের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম।
বর্তমান সময়ে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বহু মুসলমান ও প্রবাসী বাংলাদেশি নানাভাবে বৈষম্য, হয়রানি, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছেন। অনেক ক্ষেত্রে নিয়োগকৃত কর্তৃপক্ষ, দালালচক্র এবং কিছু দূতাবাসের অসহযোগিতার কারণে প্রবাসীরা ন্যায়বিচার ও প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। একইসাথে পরিবার ও আপনজন কর্তৃক সম্পদ হরণ, সামাজিক অপমান, প্রতারণা এবং মানসিক নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে।
এই পরিস্থিতিতে আমরা জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, বিদেশি দূতাবাসসমূহ এবং সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করছি, যাতে নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার সুরক্ষিত হয় এবং তারা ন্যায়বিচার পায়।
শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের অধিকার রক্ষায় কোচিং বাণিজ্য, ভর্তি বাণিজ্য এবং শিক্ষক কর্তৃক হয়রানির বিরুদ্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। শিক্ষা যেন ব্যবসায় পরিণত না হয়, বরং নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে পরিচালিত হয় — সেটি নিশ্চিত করতে হবে।
আমরা পারিবারিক সহিংসতা, স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতন, জোরপূর্বক জমি দখল, সম্পত্তি আত্মসাৎ এবং পারিবারিক অধিকার হরণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও ন্যায়ভিত্তিক সমঝোতা প্রতিষ্ঠার পক্ষে কাজ করে যাচ্ছি। সমাজে শান্তি ও পারিবারিক বন্ধন রক্ষায় সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মাটি ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ভেজাল প্রতিরোধ, নিরাপদ অর্গানিক খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং গ্রহণে জনসচেতনতা সৃষ্টি এখন সময়ের দাবি। সুস্থ জাতি গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের যৌথ দায়িত্ব।
আত্মহত্যা প্রতিরোধে পারিবারিক মূল্যবোধ, সামাজিক যোগাযোগ ও বৈধ বিবাহবন্ধনে সহায়তামূলক পরিবেশ তৈরির মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও মানবিক অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। হতাশাগ্রস্ত মানুষকে অবহেলা নয়, সহযোগিতা ও ভালোবাসা দিতে হবে।
সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। চিকিৎসা মানুষের মৌলিক অধিকার।
আমরা অপ-রাজনীতি, প্রতিহিংসা, মিথ্যা মামলা ও প্রশাসনিক হয়রানি বন্ধে দেশি-বিদেশি মানবাধিকার সংগঠন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ ভূমিকা প্রত্যাশা করছি।
সার্বজনীন মানবাধিকার রক্ষায় দেশে ও বিদেশে, প্রাতিষ্ঠানিকভাবে এবং নিজ নিজ এলাকায় কমিটি গঠনের মাধ্যমে মজলুম মানুষের পক্ষে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।
আল্লাহ আমাদের সকলকে সত্য, ন্যায় ও মানবতার পথে কাজ করার তৌফিক দান করুন।
ধন্যবাদান্তে,
ডাঃ হাছান আহমেদ মেহেদী
মহাসচিব
International Movement for Justice Society
(আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা)
01886 416 777